কলাপাড়ায় নিখোঁজের ৩ দিন পর যুবকের পুঁতে রাখা মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ১২:৪১:২৩ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ৩০৪ বার পড়া হয়েছে
কলাপাড়ায় নিখোঁজ হওয়ার তিন দিন পর ফেরদৌস মুন্সি নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) দুপুর একটার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালী গ্রামের সাপুড়িয়া খালের চড় থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় মরদেহটি উদ্ধার করে কলাপাড়া থানা পুলিশ। নিহত ফেরদৌস মুন্সি মধুখালী গ্রামের রহমান মুন্সির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ৯টার দিকে নিজ বাড়িতে অসুস্থ বাবাকে দেখে বের হওয়ার পর থেকেই ফেরদৌস নিখোঁজ ছিলেন। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। রোববার সকালে সাপুড়িয়া খালের চরে স্থানীয়রা নতুন মাটি খোঁড়া দেখে সন্দেহ করেন। পরে সেখান থেকে মাটি সরিয়ে ফেরদৌসের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। উদ্ধারের সময় নিহতের গলায় নাইলনের রশি দিয়ে ফাঁস দেওয়া ছিল এবং তার পরনে ছিল একটি গেঞ্জি ও শর্টপ্যান্ট।
কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সমীর সরকার ঘটনাস্থল পরিদর্শন করে জানান, “মৃত ব্যক্তিকে গলায় নাইলনের রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এছাড়া তার বাম হাতের বৃদ্ধাঙ্গুলি কাটা রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।”
তিনি আরও জানান, এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।










